নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)–এর সঙ্গে বিসিবির একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে টুর্নামেন্টের ঘোষিত সূচির কথা উল্লেখ করে বিসিবিকে অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানায় আইসিসি। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, নিরাপত্তা ইস্যুতে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না।
ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, তারা ভারতের পরিবর্তে অন্য কোনো দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী।
আইসিসির সঙ্গে হওয়া ওই বৈঠকে বিসিবির পক্ষে অংশ নেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
আলোচনায় আইসিসির পক্ষ থেকে বলা হয়, যেহেতু টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে, তাই বিসিবির উচিত তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা। তবে বিসিবি আবারও খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তার বিষয়টি সামনে এনে তাদের অনড় অবস্থানের কথা জানায়।
বিসিবি জানিয়েছে, আলোচনার মাধ্যমে সম্ভাব্য সমাধান খুঁজে বের করার জন্য তারা আইসিসির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে আগ্রহী। একই সঙ্গে বোর্ডটি তাদের খেলোয়াড়, কর্মকর্তা ও কর্মীদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ—এই বার্তাও আইসিসিকে দেওয়া হয়েছে।