ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের মেয়াদেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় শিগগিরই চার্জশিট দেওয়া হবে। এ পর্যন্ত মামলার সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই বিচারকাজ শেষ করার বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নির্বাচন বানচালের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার রোধে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পাশাপাশি তিনি সবাইকে নির্বাচনি আচরণবিধি ও বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানান।