ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কিছু রিটার্নিং অফিসারের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, তথ্য-প্রমাণ ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পরও আইনের দৃষ্টিতে গুরুত্বহীন ও তুচ্ছ বিষয়কে অজুহাত হিসেবে দেখিয়ে উদ্দেশ্যমূলকভাবে অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হচ্ছে।
রোববার (৪ জানুয়ারি) দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সারা দেশে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলাকালে বিভিন্ন জেলার রিটার্নিং অফিসারদের আচরণে ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কোনো কোনো জেলায় সামান্য ত্রুটি বা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তিনি বলেন, এমন অনেক বিষয় রয়েছে যেখানে রিটার্নিং অফিসাররা ব্যক্তি বিবেচনায় বা নিজস্ব এখতিয়ার ব্যবহার করে ছাড় দিতে পারতেন। কিন্তু সেখানে কঠোর নীতি অবলম্বন করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে বাড়াবাড়ি করার ফলে বহু যোগ্য প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে, যা মোটেও সমীচীন নয়।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, আইনের দৃষ্টিতে গুরুত্বহীন ও অহেতুক বিষয় ধরে প্রার্থিতা বাতিল করায় প্রশ্ন দেখা দিয়েছে—এই প্রক্রিয়ায় কোনো একটি মহলের ইন্ধন রয়েছে কি না। এভাবে চলতে থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কীভাবে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে, তা দেশবাসীর কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে।
বিবৃতিতে তিনি প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রিটার্নিং অফিসাররা যেন তুচ্ছ ও অপ্রয়োজনীয় অজুহাতে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল না করেন। একই সঙ্গে যেসব প্রার্থীর মনোনয়ন এ ধরনের অজুহাতে বাতিল করা হয়েছে, সেগুলো অবিলম্বে বৈধ ঘোষণার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
সব প্রার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে নির্বাচনের মাঠ সমতল করার লক্ষ্যে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান গোলাম পরওয়ার।