ঢাকা-৬ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হলে ইশরাক হোসেনের দাখিলকৃত তথ্যাদি ও হলফনামা পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ প্রার্থীর যোগ্যতা ও অন্যান্য আইনগত বিষয় বিবেচনা করে তার প্রার্থিতা গ্রহণ করেন।
এর আগে গত ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন ইশরাক হোসেন। মনোনয়ন বৈধ ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে তিনি জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার শুনানি সম্পন্ন হয়েছে এবং তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন।
শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তা সব প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দেন। বিশেষ করে নির্ধারিত সময়ের আগে প্রচার-প্রচারণা চালানো এবং যত্রতত্র পোস্টার বা ব্যানার না লাগানোর বিষয়ে সতর্ক করা হয়।
এছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সাধারণ ভোটারদের কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।