চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের হয়ে খেলতে যাচ্ছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির। এই তারকাকে দলে পেয়ে দারুণ আশাবাদী দলের পেসার ইবাদত হোসেন। তার বিশ্বাস, আমিরের উপস্থিতি সিলেটের সাফল্যে বড় ভূমিকা রাখবে।
বিপিএলের নিলামের আগেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুজন করে বিদেশি ক্রিকেটার সরাসরি দলে নেওয়ার সুযোগ পায়। সেই সুযোগ কাজে লাগিয়ে সিলেট টাইটান্স আগেভাগেই আমিরকে দলে ভেড়ায়। টুর্নামেন্ট শুরুর আগেই দলের অনুশীলনে যোগ দিয়েছেন এই পাকিস্তানি পেসার।
আমিরকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইবাদত বলেন, দলের কাছ থেকে নেওয়ার চেয়ে আমিরের দেওয়ারই বেশি কিছু রয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে তার বিপুল অভিজ্ঞতা ও প্রায় ৪০০ উইকেটের সংগ্রহ সিলেটের জন্য বড় সম্পদ হবে বলে মনে করেন তিনি। পাশাপাশি আমির নিজের সেরাটা দিয়ে দলকে সহায়তা করবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন ইবাদত।
দলের কম্বিনেশন নিয়েও সন্তুষ্ট এই পেসার। তার মতে, আমিরের সঙ্গে খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও রেজাউর রহমান রাজা যুক্ত হওয়ায় সিলেট টাইটান্সের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হয়েছে। দেশি-বিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে দলটি এখন বেশ ভারসাম্যপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
ইবাদতের ভাষ্য, সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়দের মিশ্রণে ব্যাটিং ও বোলিং—দুটো বিভাগই প্রায় সমান শক্তিশালী হলেও বোলিং ইউনিটকে তিনি সামান্য এগিয়ে রাখছেন। তিনি আরও বলেন, দলের প্রতিটি বোলারই পারফর্মার এবং সবাই মিলে সিলেটকে একটি শক্তিশালী ইউনিটে পরিণত করেছে।
সবাই যদি মাঠে নিজেদের সেরাটা দিতে পারে, তবে আল্লাহর রহমতে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হবে বলে বিশ্বাস তার। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে সিলেট টাইটান্স।
দলের ইতিবাচক মানসিকতার কথাও তুলে ধরেন ইবাদত। তিনি জানান, এবারের দলের থিম—‘এবার কিন্তু অইজিবো’ (এবার হয়ে যাবে)। এই স্লোগান খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস জোগাচ্ছে এবং শিরোপা জয়ের বিশ্বাস তৈরি করছে। এই থিমকে ধারণ করেই সামনে এগোতে চায় সিলেট টাইটান্স।