পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার প্রচারের পর চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ধারাভাষ্যকার প্যানেল থেকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন ও মাইকেল আথারটনকে বাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ড ঘোষিত ছয় সদস্যের ধারাভাষ্যকার তালিকায় তাঁদের নাম রাখা হয়নি। চলতি বছরের শুরুর দিকে পাকিস্তান দলের ইংল্যান্ড সফরের সময় স্কাই স্পোর্টসে ইমরান খানের দুই ছেলে কাসিম ও সুলাইমান খানের একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছিল। সাক্ষাৎকারটি নিয়েছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটন।
এর আগে ২০২৪ সালে ইংল্যান্ডের সর্বশেষ পাকিস্তান সফরের সময় ধারাভাষ্যকার দলের সদস্য ছিলেন আথারটন ও নাসের হুসেইন দুজনই। তবে এবার ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত প্যানেলে তাঁদের অন্তর্ভুক্ত করা হয়নি। ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার প্রচারের ঘটনাটির সঙ্গে এই সিদ্ধান্তের সম্পর্ক রয়েছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।
লর্ডস টেস্ট চলাকালে স্কাই স্পোর্টসে প্রচারিত ওই সাক্ষাৎকারকে কেন্দ্র করে পিসিবি ও সম্প্রচারমাধ্যমটির মধ্যে বিরোধ তৈরি হয়। জানা গেছে, সাক্ষাৎকারটির প্রতিবাদে পাকিস্তান ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের বিকেলের সেশনে মাঠে নামতে না দেওয়ার হুমকিও দিয়েছিল।
সাক্ষাৎকারে কাসিম ও সুলাইমান অভিযোগ করেন, অবহেলা ও বিচ্ছিন্ন করে রাখার মাধ্যমে তাঁদের বাবা ইমরান খানকে ‘পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা’ করছে কর্তৃপক্ষ। ইমরান খান ও জেমিমা গোল্ডস্মিথের দ্বিতীয় ছেলে কাসিমের দাবি, কারাগারে কয়েকজন রাজনৈতিক বন্দির মৃত্যু হয়েছে এবং পাকিস্তান সরকার তাঁর বাবার ক্ষেত্রেও একই ধরনের পরিকল্পনা করছে।
তাঁরা আরও অভিযোগ করেন, ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তানের সাবেক অধিনায়ককে প্রতিদিন ২৩ ঘণ্টারও বেশি সময় একটি ছোট কক্ষে একা থাকতে বাধ্য করা হচ্ছে। পাশাপাশি ‘কারিগরি কারণ’ দেখিয়ে পাকিস্তান কর্তৃপক্ষ তাঁদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে বলেও দাবি করেন দুই ভাই।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমরান খানের আত্মীয়স্বজন, আইনজীবী কিংবা চিকিৎসকদের তাঁর সঙ্গে দেখা করার ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হয়নি।
সাক্ষাৎকারটিকে রাজনৈতিক বিবেচনায় নিয়ে পিসিবি খেলোয়াড়দের মাঠ থেকে প্রত্যাহারের হুমকি দেওয়ার পাশাপাশি স্কাই স্পোর্টসের কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছিল। অন্যদিকে, পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভিতে সাক্ষাৎকারটি প্রচার করা হয়নি।
২০২৩ সাল থেকে কারাগারে থাকা ইমরান খানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে। তাঁর দৃষ্টিশক্তির ৭৫ শতাংশ নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার পাকিস্তান সরকারের কাছে চিঠি লিখে ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়কের জন্য যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি।