দেশের জ্বালানি চাহিদা পূরণ ও বিদ্যুৎ, শিল্প ও পরিবহন খাতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আগামী জুন থেকে আগস্ট পর্যন্ত প্রায় ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গ্যাস অয়েল, জেট ফুয়েল, ফার্নেস অয়েল ও গ্যাসোলিন আমদানি করবে।
অনুমোদিত চারটি প্যাকেজের মধ্যে সবচেয়ে বড় সরবরাহ আদেশ পাচ্ছে ইউনিপেক সিঙ্গাপুর, যার মূল্য প্রায় ৭ হাজার ৬৭৩ কোটি টাকা। এছাড়া ভিটল এশিয়া দুটি প্যাকেজের মাধ্যমে প্রায় ৭ হাজার ৪৬১ কোটি টাকার জ্বালানি তেল সরবরাহ করবে।
সরকারি সূত্র জানায়, মৌসুমি চাহিদা ও উৎপাদন ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত আমদানি কর্মসূচির অংশ হিসেবে এসব জ্বালানি তেল কেনা হচ্ছে।