মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরটি বন্ধ হওয়ার পর সামাজিক মাধ্যমে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। দ্রুত ত্রুটি মেরামতের কাজ চলছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ (ইরাক নিউজ এজেন্সি)–কে দেওয়া বক্তব্যে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশেষজ্ঞ প্রযুক্তিগত দল ইতোমধ্যেই সমস্যা শনাক্ত ও সমাধানের কাজ শুরু করেছে।
তিনি জানান, মেরামত ও চূড়ান্ত প্রযুক্তিগত পরিদর্শন শেষ হলে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বিমান চলাচল স্বাভাবিক হবে।
এদিকে মুখপাত্র সামাজিক মাধ্যমে ছড়ানো নিরাপত্তাজনিত নানা দাবি ও গুজব নাকচ করেছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু হয়নি।