২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থায় অভিনব প্রযুক্তি যুক্ত করছে মেক্সিকো। অপরাধ দমন ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় দেশটির পুলিশ ব্যবহার করবে চার পায়ে হাঁটা রোবট কুকুর। সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
রোবট কুকুরগুলো ঝুঁকিপূর্ণ এলাকায় ঢুকে সরাসরি লাইভ ভিডিও পাঠাতে পারবে, যাতে নিরাপত্তা বাহিনী দূর থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। এতে করে পুলিশ সদস্যদের জীবনঝুঁকি অনেকটাই কমবে।
মেক্সিকোর গুয়াদালুপে সিটি কাউন্সিল ২৫ লাখ পেসো ব্যয়ে এসব রোবট কিনেছে। গুয়াদালুপে এলাকায় বিশ্বকাপের একটি ভেন্যু রয়েছে। স্থানীয় সরকারের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, একটি রোবট কুকুর পরিত্যক্ত ভবনের ভেতর দিয়ে হেঁটে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং লাইভ ছবি পাঠাচ্ছে।
রোবটটি লাউডস্পিকারের মাধ্যমে সশস্ত্র ব্যক্তিকে অস্ত্র নামানোর নির্দেশ দিতেও সক্ষম। গুয়াদালুপের মেয়র হেক্টর গার্সিয়া জানান, পুলিশের প্রাথমিক অভিযানে সহায়তা করা এবং কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করাই এই রোবট কুকুরের মূল উদ্দেশ্য।
২০২৬ বিশ্বকাপ আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে যৌথভাবে আয়োজক মেক্সিকো। মন্তেরের বিবিভিএ স্টেডিয়ামে এ সময় চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।