সমালোচকদের নেতিবাচক মূল্যায়ন ও ব্যর্থতার শঙ্কা উপেক্ষা করে মার্কিন বক্স অফিসে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ঘিরে নির্মিত তথ্যচিত্র ‘মেলানিয়া’। উত্তর আমেরিকায় মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি ৮ মিলিয়ন ডলারের বেশি আয় করতে পারে বলে প্রাথমিক পূর্বাভাসে জানানো হয়েছে।
মুক্তির আগে তথ্যচিত্রটি নিয়ে বিদ্রুপ ও ফ্লপ হওয়ার আশঙ্কা থাকলেও বাস্তবে প্রেক্ষাগৃহে তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে। অনেকেই ধারণা করেছিলেন, দর্শক সংকটে পড়বে ছবিটি; তবে সেই অনুমান ভুল প্রমাণ করে টিকিট বিক্রিতে উল্টো গতি লক্ষ্য করা যাচ্ছে।
গত ৩০ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে তথ্যচিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেও। প্রদর্শকদের মতে, প্রিমিয়ারের পর থেকেই ছবিটির টিকিট বিক্রি উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে সপ্তাহান্তে মার্কিন বক্স অফিস তালিকায় তৃতীয় অবস্থানে থাকতে পারে ‘মেলানিয়া’। এতে পেছনে পড়ে যেতে পারে জেসন স্ট্যাথামের নতুন অ্যাকশন ছবি ‘শেল্টার’।
তথ্যচিত্রটির পরিচালক বিতর্কিত নির্মাতা ব্রেট র্যাটনার। ছবিটির বৈশ্বিক স্বত্ব কিনতে অ্যামাজন এমজিএম স্টুডিওস ব্যয় করেছে প্রায় ৪০ মিলিয়ন ডলার, যা এটিকে ইতিহাসের অন্যতম ব্যয়বহুল তথ্যচিত্রে পরিণত করেছে। পাশাপাশি বিপণন ও প্রচারণায় ব্যয় করা হয়েছে আরও আনুমানিক ৩৫ মিলিয়ন ডলার, যার বড় অংশই খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে।
বিশ্লেষকদের মতে, ছবিটির বাণিজ্যিক সাফল্যের পেছনে রাজনৈতিক সমর্থনও ভূমিকা রাখছে। ডোনাল্ড ট্রাম্প নিজে সমর্থকদের তথ্যচিত্রটি দেখার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে রক্ষণশীল দর্শকদের মধ্যে ‘মেলানিয়া’ আলাদা আগ্রহ তৈরি করেছে। যদিও সমালোচকদের কাছ থেকে তীব্র নেতিবাচক রিভিউ পাওয়া গেছে, তবে আপাতত দর্শক উপস্থিতিতে তার বড় কোনো প্রভাব দেখা যাচ্ছে না।