দর্শকদের মনোযোগ ধরে রাখার প্রতিযোগিতা এবং ইউটিউবসহ প্রচলিত বিনোদনমাধ্যমের সঙ্গে বাড়তে থাকা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীবাহিনীর প্রায় ৬ শতাংশ, অর্থাৎ আনুমানিক ১ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। ২০২২ সালের পর এটিই নেটফ্লিক্সের সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ।
বুধবার (১৪ অক্টোবর) কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে নেটফ্লিক্সের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা (কো-সিইও) গ্রেগ পিটার্স ও টেড সারান্ডোস ছাঁটাইয়ের বিষয়টি জানান। তাঁদের ইমেইলে বলা হয়েছে, কর্মী ছাঁটাইয়ের বড় অংশের প্রভাব পড়বে প্রতিষ্ঠানের প্রোডাক্ট, প্রযুক্তি, আইন এবং মানবসম্পদ বিভাগে।
ইমেইলে দুই কর্মকর্তা উল্লেখ করেন, নেটফ্লিক্সের লক্ষ্য বিশ্বজুড়ে মানুষকে বিনোদন দেওয়া। এই লক্ষ্য বাস্তবায়নে প্রতিষ্ঠানটিকে উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি কর্মী ও সম্পদের অগ্রাধিকার নির্ধারণে কঠোর হতে হবে।
তাঁরা আরও জানান, নেটফ্লিক্সের ব্যবসা শক্তিশালী অবস্থানে রয়েছে এবং ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। চলতি বছরের পূর্ণাঙ্গ ব্যবসায়িক লক্ষ্য অর্জনের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি সঠিক পথে রয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।
এদিকে, চলতি বছরে এখন পর্যন্ত নেটফ্লিক্সের শেয়ারের দাম প্রায় ২৫ শতাংশ কমেছে। তবে বুধবার (১৪ অক্টোবর) প্রতিষ্ঠানটির শেয়ারের দর ০.৭ শতাংশ বৃদ্ধি পায়। গত বছরের শেষ নাগাদ নেটফ্লিক্সে প্রায় ১৬ হাজার কর্মী কর্মরত ছিলেন।
এর আগে ২০২২ সালে গ্রাহকসংখ্যা হঠাৎ কমে যাওয়ার পর দুই দফায় প্রায় ৪৫০ কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি। নতুন এই উদ্যোগ কার্যকর হলে ২০২২ সালের পর নেটফ্লিক্সে এটিই হবে সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘটনা।