চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার শনাক্ত হলে অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা হয়। এরপর থেকে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন অভিনেত্রী।
চিকিৎসার জন্য গত ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তানিয়া বৃষ্টি। সেখানে আরও দুটি সার্জারি করান তিনি। সে সময় শারীরিক অসুস্থতার কারণে ঠিকমতো কথা বলতেও পারতেন না অভিনেত্রী। এরই মধ্যে শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ভক্তদের সঙ্গে কথা বলেন তিনি।
লাইভে তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি ভালো আছি। আপনারা কেমন আছেন। আমি অসুস্থ ছিলাম। এখনো আছি। তবে আগের চেয়ে অনেকটা ভালো আছি। আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন। অনেকেই বলছেন—আগের চেয়ে আমার ওজন বেড়েছে। এটা মূলত দুটা সার্জারির কারণে। এটা খুবই স্বাভাবিক।’
লাইভে ভক্ত-অনুরাগীদের সঙ্গে আড্ডায়ও মেতে ওঠেন অভিনেত্রী। এ সময় দর্শকরা তার শারীরিক অবস্থা, বিয়ে, কাজে ফেরাসহ বিভিন্ন বিষয়ে জানতে চান। কেউ কেউ জানতে চান, তিনি আবার নাটকে ফিরবেন কি না।
ভক্তদের প্রশ্নের জবাবে তানিয়া জানান, এখনো তার কেমোথেরাপি চলছে। ছয় মাসের চিকিৎসার মধ্যে তিন মাস ইতোমধ্যে শেষ হয়েছে।
নাটকে ফেরার বিষয়ে অভিনেত্রী বলেন, ‘অনেকেই জানতে চাইছেন—আবার নাটকে কবে দেখা যাবে। আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই। আপনারাই বলেন ফেরা উচিত হবে কিনা? আমার ইচ্ছা আছে চলতি মাস থেকেই শুরু করতে চাই। সেভাবেই কথাবার্তা চলছে।’
নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি হয়তো নাও ফিরতে পারতাম, আমার এমন শারীরিক অবস্থা ছিল। এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।’
অভিনয়ে ফেরার বিষয়ে দর্শকদের মতামত নিয়েও কথা বলেন তিনি। তানিয়া বলেন, ‘আপনারা হয়তো কেউ কেউ চান না আমি নাটক করি। এটা আপনাদের উপদেশ। কিন্তু অনেকেই আছেন—সব সময়ই চান আমি নাটকে ফিরি। তারা কিন্তু আমাকে ভালোবাসেন। দীর্ঘ এই সময়ে তারা আমার পাশে ছিলেন। তারা আমাকে সম্মান দেন, আমাকে সাপোর্ট করেন। আমি অভিনয় করব। কারণ দর্শক আমাকে চান। আমি নিজেও অভিনয় খুব মিস করি।’