• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা লাল পেড়ে সাদা শাড়িতে পূজা চেরীর মুগ্ধতা, মহাষ্টমীর সাজে মুগ্ধ ভক্তরা শাহ্জালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত জাতীয়করণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ

বাংলাদেশের পোস্টাল ভোটিং প্রযুক্তিতে আগ্রহী নেপাল ও শ্রীলঙ্কা

নিউজ ডেস্ক / ২৪ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী এবং দেশের অভ্যন্তরে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ভোটিংয়ের আওতায় এনেছে নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশে তৈরি প্রযুক্তিনির্ভর ‘আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং সিস্টেম’ এবার আন্তর্জাতিক অঙ্গনেও আগ্রহ তৈরি করেছে। এই প্রযুক্তি ও অভিজ্ঞতা গ্রহণে আগ্রহ দেখাচ্ছে দক্ষিণ এশিয়ার দুই দেশ নেপাল ও শ্রীলঙ্কা।

ইসি কর্মকর্তারা জানান, ‘মেড ইন বাংলাদেশ’ প্রযুক্তিতে তৈরি এ পোস্টাল ভোটিং ব্যবস্থা অন্য দেশেও চালু হলে কারিগরি ত্রুটি ও সীমাবদ্ধতা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতার পরিচিতি ও ব্যবস্থাটির গ্রহণযোগ্যতা বাড়তে পারে।

ইসির ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, পোস্টাল ভোটিং ব্যবস্থা বিশ্বজুড়ে একটি অনন্য উদ্ভাবন। সম্পূর্ণ বাংলাদেশে তৈরি এ ব্যবস্থার বৈশ্বিক গুরুত্ব রয়েছে। নেপালের প্রতিনিধিদল নিজ উদ্যোগে বাংলাদেশে এসেছে এবং তারা এ বিষয়ে ইতিবাচক। গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরেও দেশটির আগ্রহ দেখা গেছে। বাংলাদেশের তৈরি প্রযুক্তি বিদেশে সমাদৃত হওয়া দেশের মানুষের জন্য গর্বের বিষয়।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ও উপনির্বাচনে অর্জিত অভিজ্ঞতার আলোকে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে সামনে এগিয়ে যেতে হবে। পোস্টাল ভোটিং ব্যবস্থা নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ সম্পদ, যা ভবিষ্যতে আরও কার্যকরভাবে কাজে লাগানো প্রয়োজন।

বাংলাদেশের পোস্টাল ভোটিং ব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা নিতে আসা নেপালের নির্বাচন কমিশনার ড. রাজিব সুব্বা বলেন, ‘গ্লোবাল সাউথ’ বা উন্নয়নশীল বিশ্বের প্রেক্ষাপটে বাংলাদেশের এ মডেল অত্যন্ত কার্যকর। বাংলাদেশ ও নেপালের মতো দেশ প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে। বাংলাদেশ থেকে কারিগরি সহায়তা পেলে নেপাল সম্মানিত বোধ করবে।

নেপালের আগামী প্রাদেশিক নির্বাচনে প্রবাসীদের জন্য পোস্টাল ভোটিং চালুর পরিকল্পনার কথাও জানান ড. রাজিব সুব্বা। তিনি বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক নাগরিক বিদেশে অবস্থান করে রেমিট্যান্সের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখেন। নেপালের ক্ষেত্রেও একই বাস্তবতা রয়েছে। তাই দেশের বাইরে থাকা নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে তারা ‘বাংলাদেশ মডেল’ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ আগে এ প্রযুক্তি ব্যবহার করে অভিজ্ঞতা অর্জন করায় নেপাল সম্ভাব্য ভুলগুলো এড়িয়ে দ্রুত কাজ এগিয়ে নিতে পারবে। তবে উপসাগরীয় অঞ্চলসহ বিভিন্ন দেশে কর্মরত নেপালি শ্রমিকদের ডিজিটাল প্রযুক্তিতে অভ্যস্ত করতে ভোটার শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ডাকযোগে কাগজপত্র আদান-প্রদানে বিলম্ব, কাঠমান্ডুতে ব্যালট পৌঁছানোর সময়ের অনিশ্চয়তা এবং সাইবার নিরাপত্তার ঝুঁকিও বিবেচনায় রাখতে হবে।

বাংলাদেশ সফরের উদ্দেশ্য সম্পর্কে ড. রাজিব সুব্বা বলেন, প্রযুক্তিনির্ভর পোস্টাল ভোটিং প্রক্রিয়া সরাসরি দেখা ও বোঝাই তাদের সফরের মূল লক্ষ্য। বাংলাদেশি প্রতিনিধিদের সঙ্গে এটি তাদের তৃতীয় দফা আলোচনা। আগামী দেড় বছরের মধ্যে নেপালের যেকোনো একটি প্রাদেশিক নির্বাচনে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

তবে বাংলাদেশের মডেলটি হুবহু গ্রহণ করা হবে কি না, তা গবেষণার পর নির্ধারণ করা হবে বলে জানান তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশের মডেলটির প্রশংসা করে ড. রাজিব সুব্বা বলেন, ভবিষ্যতে এ ব্যবস্থা সম্পূর্ণ অনলাইন ভোটিংয়ে রূপ নিতে পারে। এ প্রযুক্তির অন্যতম বৈশিষ্ট্য হলো, এর সফটওয়্যার, কোড ও নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের নিজস্ব ব্যবস্থাপনায় থাকে। ফলে প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয় না।

ইসি সূত্রে জানা গেছে, বাংলাদেশের কারিগরি সহায়তা ও অভিজ্ঞতা নিতে নেপাল নির্বাচন কমিশনের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এবং অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর নেতৃত্বে ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নেপালের প্রতিনিধিদল পোস্টাল ভোটিংয়ের পরিচালনাগত ও কারিগরি বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন নেপালের নির্বাচন কমিশনার ড. জানকী কুমারী তুলাধর, সচিব কৃষ্ণ প্রসাদ কাপরী, সিনিয়র কম্পিউটার অফিসার অনুপ নৌপানে, ডেপুটি অ্যাটর্নি কমলা কাফলে এবং ইউএনডিপির প্রতিনিধি প্রভাত কুমার।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন অনুমোদিত ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন, যা মোট অনুমোদিত ভোটারের ৮০ দশমিক ১১ শতাংশ। রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১১ লাখ ৬৫ হাজার ৫৯২টি ভোট, যা মোট অনুমোদিত ভোটারের ৭৬ দশমিক ২৮ শতাংশ। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ছিল ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি, অর্থাৎ ৭০ দশমিক ২৫ শতাংশ।

প্রবাসীদের পাঠানো ৪ লাখ ৯৮ হাজার ২৬৬টি ব্যালটের মধ্যে রিটার্নিং কর্মকর্তারা ৪ লাখ ৯৮ হাজার ২০৫টি গ্রহণ করেন। অন্যদিকে, দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের (আইসিপিভি) কাছ থেকে রিটার্নিং কর্মকর্তারা ৬ লাখ ৬৭ হাজার ৩৮৮টি ভোট গ্রহণ করেন।


More News Of This Category
bdit.com.bd