আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিক্রি বাড়ানোর সুযোগ তৈরি করতে দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে সম্প্রতি চিঠি দিয়েছে সংগঠনটি। সোমবার (৫ অক্টোবর) দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে ব্যবসায়ী নেতারা বলেন, ঈদ ও দুর্গাপূজার মতো উৎসবের সময়ে সাধারণত কেনাকাটা ও বিক্রি বাড়ে। এ সময় দোকান খোলার সময় বাড়ানো হলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিকভাবে কিছুটা উপকৃত হবেন।
তারা আরও জানান, বর্তমানে লোডশেডিং পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সুযোগ চান তারা।
এর আগে মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাবে জ্বালানি সংকট তীব্র হলে গত এপ্রিল মাসে সরকার দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছিল। তখন ব্যবসায়ীরা রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দাবি করেন। পরে সরকার দোকান বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করে। এরপর কোরবানির ঈদকে সামনে রেখে সময়সীমা আরও শিথিল করা হয়।
সর্বশেষ গত ১২ আগস্ট সরকার দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেয়। এবার আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে সেই সময় আরও দুই ঘণ্টা বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত করার অনুরোধ জানিয়েছে দোকান মালিক সমিতি।