দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯৫৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮৫৬ জন এবং হাম আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে মোট ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ১৮ হাজার ৭২৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।