দেশের জ্বালানি চাহিদা পূরণে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২৪ আগস্ট) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভায় এলএনজি কেনার এ প্রস্তাব অনুমোদন করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব সভায় তোলা হয়। পর্যালোচনা শেষে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটিতে সম্মতি দেয়।
সিদ্ধান্ত অনুযায়ী, পোসকো আন্তর্জাতিক করপোরেশনের কাছ থেকে একটি কার্গো এলএনজি সংগ্রহ করা হবে ১৩-১৪ সেপ্টেম্বর সময়ে। এ চালানের জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪.৬২৫ মার্কিন ডলার।
এ ছাড়া টোটাল এনার্জির কাছ থেকে আরও এক কার্গো এলএনজি কেনা হবে ২৩-২৪ সেপ্টেম্বর সময়ে। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ২৪.২৫ মার্কিন ডলার।
সোমবারের সভায় শুধু এলএনজি কেনার প্রস্তাবই নয়, সরকারি ক্রয়সংক্রান্ত মোট ১৩টি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়।