সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী ব্যাংকের একদল গ্রাহক। ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাংকটির শেয়ার কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের অভিযোগে দায়ীদের বিচারেরও দাবি জানানো হয়।
বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলের ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে পল্টনে গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী গোষ্ঠীর মাধ্যমে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ পরিবর্তনের পর প্রতিষ্ঠানটির সুশাসন, আর্থিক স্থিতিশীলতা এবং গ্রাহকদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি, ব্যাংক দখল, শেয়ার কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা না হলে ব্যাংকিং খাতে মানুষের আস্থা ফিরবে না।
বিক্ষোভকারীরা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত, গ্রেফতার এবং বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।
সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদের দায়মুক্তি রাষ্ট্রপতি হওয়ার আগের কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তার দাবি, ২০১৭ সালে ইসলামী ব্যাংকের দায়িত্ব পালনের সময় শেয়ার কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়ে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত, মামলা ও গ্রেফতারের আইনগত সুযোগ রয়েছে।
সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযোগগুলোর বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।