কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে সঠিক ধারণা অর্জন এবং দীর্ঘমেয়াদে প্রযুক্তিটির দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিশ্চিত করাই বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘গ্লোবাল কনফারেন্স এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা না থাকলে এই প্রযুক্তি যে কোনো সময় বুমেরাং হয়ে উঠতে পারে। তাই এআইকে ভয় না পেয়ে সঠিকভাবে বোঝা এবং বন্ধু হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মানবসভ্যতার অগ্রগতি ও বিভিন্ন সময়ে এর অবক্ষয়ের পেছনে এতদিন মূল ভূমিকা ছিল মানুষের। তবে বর্তমান বাস্তবতায় সেই চিত্র বদলেছে। এখন সভ্যতার পথচলায় মানুষের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, এআই প্রযুক্তির ইতিবাচক সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এর দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের সঙ্গে খাপ খাইয়ে নিতে দক্ষতা বৃদ্ধি এবং সচেতনতা তৈরির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।