কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার বিভিন্ন ভবন থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের সরিয়ে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। উচ্ছেদ হওয়া ব্যক্তিদের জন্য হাসাবিয়া এলাকার একটি সরকারি বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রও স্থাপন করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১৭ জুলাই) রাতে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দূতাবাসের একটি প্রতিনিধি দল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নিয়েছে। প্রতিনিধি দলে ছিলেন দূতাবাসের কাউন্সেলর ও মিশন প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এবং শ্রম কল্যাণ শাখার কাউন্সেলর শোয়াইব-উল-ইসলাম তরফদার। তারা স্থানীয় কুয়েতি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।
কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ কাগজপত্র থাকা প্রবাসীদের যাচাই-বাছাই শেষে আশ্রয়কেন্দ্র ত্যাগের অনুমতি দেওয়া হচ্ছে। তবে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের ডিপোর্টেশন সেন্টারের মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এ অভিযান পরিচালিত হচ্ছে। একই ধরনের অভিযান দেশটির অন্যান্য এলাকাতেও চালানো হবে।
এদিকে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ব্যক্তিরা প্রয়োজনীয় প্রমাণপত্র দেখিয়ে সেখানে থাকতে পারলেও কর্মস্থলে যাওয়া বা অন্য কোনো কারণে বাইরে বের হতে পারবেন না।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের আবাসনসংক্রান্ত সব বৈধ কাগজপত্র হালনাগাদ রাখা এবং বাইরে চলাচলের সময় সিভিল আইডি বা বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।