দেশে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে এবং পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে সরকার।
রোববার (১২ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহকে সভাপতি করে সাত সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব।
সরকারের নির্দেশনা অনুযায়ী, কমিটি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার অধীনে পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রমে বিদ্যমান আইনগত, নীতিগত এবং প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করবে। পাশাপাশি এসব সমস্যা সমাধানে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি করণীয় বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহায়ক ব্যবস্থা, অবকাঠামো, উপকরণ এবং আনুষঙ্গিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সুনির্দিষ্ট সুপারিশমালাও প্রণয়ন করবে এই কমিটি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দায়িত্ব পালনের সুবিধার্থে কমিটি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর বা সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের সভায় আমন্ত্রণ জানাতে পারবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় সভা আয়োজনের ক্ষমতাও থাকবে কমিটির। এ কমিটির সার্বিক সাচিবিক সহায়তা প্রদান করবে মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ।