ভারতের কর্ণাটকের পরিবহণমন্ত্রী বাইরাথি সুরেশ সাধারণ যাত্রীর ছদ্মবেশে গণপরিবহনের সেবার মান যাচাই করতে গিয়ে এক বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। বাসে ভাড়া দেওয়ার সময় খুচরা টাকা না থাকায় কন্ডাক্টর তাকে টিকিট না দিয়ে বাস থেকে নেমে যেতে বলেন। পরে তার প্রকৃত পরিচয় প্রকাশ হলে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শনিবার মুখে মাস্ক পরে প্রায় দুই ঘণ্টা বেঙ্গালুরুর ১০টিরও বেশি বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশন (বিএমটিসি) বাসে সাধারণ যাত্রীর মতো ভ্রমণ করেন পরিবহণমন্ত্রী। এই আকস্মিক সফরের উদ্দেশ্য ছিল প্রতিদিনের যাত্রীসেবা ও বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা।
পরিদর্শনের সময় তিনি বিভিন্ন অনিয়মেরও সন্ধান পান। এক পর্যায়ে একটি বাসে একজন যাত্রী নির্ধারিত স্টপেজে নামার সংকেত দিলেও চালক বাস না থামিয়ে চলে যান। বিষয়টি নিজের চোখে দেখার পর মন্ত্রী ঘটনাস্থলেই সংশ্লিষ্ট চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আরেকটি বাসে হেব্বাল-নাগাশেট্টিহাল্লি রুটে যাত্রার সময় টিকিট কাটতে গিয়ে তিনি কন্ডাক্টরের হাতে ১০০ রুপির একটি নোট দেন। তবে খুচরা টাকা না থাকার অজুহাতে কন্ডাক্টর তাকে টিকিট না দিয়ে বাস থেকে নেমে যেতে বলেন। তখনও কেউ বুঝতে পারেননি যে তিনি রাজ্যের পরিবহণমন্ত্রী।
এ সময় একটি অটোরিকশা ভাড়া নিয়ে চালক ও যাত্রীর মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনাতেও হস্তক্ষেপ করেন বাইরাথি সুরেশ। অভিযোগ ছিল, মিটারে ভাড়া ৩০ রুপি দেখালেও চালক যাত্রীর কাছে ৩৬ রুপি দাবি করছিলেন।
অভিযান শেষে পরিবহণমন্ত্রী বলেন, গণপরিবহনে জবাবদিহিতা বাড়ানো, কর্মীদের মধ্যে শৃঙ্খলা নিশ্চিত করা এবং যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে বেঙ্গালুরুজুড়ে এ ধরনের আকস্মিক পরিদর্শন ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।