বৈরী আবহাওয়া ও চলমান দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন আগামী ১৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
রোববার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা ছাড়া) এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পূর্বঘোষিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এদিকে, পূর্বে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পাশাপাশি ওই বোর্ডের আওতাভুক্ত মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩, ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো পৃথকভাবে প্রকাশ করবে।