‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া যাচাই-বাছাই এবং চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া বিস্তারিতভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেবে এই কমিটি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কমিটি আইনটির খসড়া যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সংশোধনী ও সুপারিশ প্রদান করবে। সেই সুপারিশের ভিত্তিতেই আইনটির চূড়ান্ত অনুমোদনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।