• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

খেলাপি ঋণে সুদ মওকুফের সুযোগ, ৩১ ডিসেম্বরের মধ্যে মূল টাকা পরিশোধের নির্দেশ

নিউজ ডেস্ক / ৯৪ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

ব্যাংক খাতের ক্রমবর্ধমান খেলাপি ঋণ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে খেলাপি ঋণের মূল অর্থ এককালীন পরিশোধ করলে ঋণগ্রহীতারা সুদ মওকুফের সুবিধা পাবেন। এ সুবিধা নিতে হলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মূল ঋণের অর্থ পরিশোধ করতে হবে।

এ বিষয়ে জারি করা নির্দেশনা ইতোমধ্যে দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আশা, এই উদ্যোগের মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় করতে পারবে এবং সেই অর্থ নতুন করে ঋণ বিতরণে ব্যবহার করে অর্থনীতিতে গতি ফিরিয়ে আনতে সক্ষম হবে।

তবে এ সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিয়মিত ঋণ পরিশোধকারী অনেক ব্যবসায়ী মনে করছেন, যারা সময়মতো ঋণ পরিশোধ করেছেন তারা কোনো সুবিধা পাচ্ছেন না, অথচ খেলাপিরাই সুদ মওকুফের সুযোগ পাচ্ছেন।

অর্থনীতিবিদদের মতে, উদ্যোগটির সফলতা নির্ভর করবে যথাযথ বাস্তবায়ন ও কঠোর নজরদারির ওপর। তারা বলছেন, রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব খাটিয়ে যেন কেউ অন্যায়ভাবে এ সুবিধা নিতে না পারে, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এটি যে এককালীন সুযোগ, সেই বার্তাও স্পষ্টভাবে দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ব্যাংক খাতে ঋণপ্রবাহ স্বাভাবিক রাখা জরুরি। কিন্তু খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোর সম্পদের মান, তারল্য এবং নতুন ঋণ দেওয়ার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই খেলাপি ঋণ কমানোর লক্ষ্যে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ‘মন্দ ও ক্ষতিজনক’ শ্রেণিতে থাকা খেলাপি ঋণগ্রহীতারাই এ সুবিধার আওতায় আসবেন। তবে সুদ মওকুফের আগে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন লাগবে। ব্যাংককে যাচাই করতে হবে, ঋণগ্রহীতা সত্যিই আর্থিক সংকটে পড়েছেন কি না, ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে কি না এবং ঋণ পরিশোধে আন্তরিক কি না।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, যাচাই-বাছাই শেষে প্রকৃত সংকটে থাকা এবং অতীতে ভালো লেনদেনের রেকর্ড থাকা ঋণগ্রহীতারাই পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে সুদ মওকুফের সুবিধা পাবেন।

এই সুবিধা পেতে ঋণগ্রহীতাকে এককালীন সব বকেয়া মূল অর্থ পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে আরোপিত ও অনারোপিত সব ধরনের সুদ মওকুফ করা যাবে। এমনকি আগের নির্দেশনায় থাকা ‘কস্ট অব ফান্ড’ বা তহবিল ব্যয় পরিশোধের বাধ্যবাধকতাও নতুন নির্দেশনায় শিথিল করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কৃষক থেকে শুরু করে বড় শিল্পপতি—সব ধরনের ঋণগ্রহীতাই সমানভাবে এ সুবিধা পাবেন। তবে কৃষি, ক্ষুদ্র ও কুটির শিল্পের স্বল্পমেয়াদি ঋণকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। অর্থনীতিবিদদের মতে, এই বিপুল অঙ্কের ঋণের একটি উল্লেখযোগ্য অংশ আদায় করা সম্ভব হলে ব্যাংক খাতের তারল্য সংকট অনেকটাই কমবে এবং নতুন ঋণ বিতরণের সক্ষমতা বাড়বে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই সুবিধার অপব্যবহার ঠেকাতে কঠোর নজরদারি জরুরি। পাশাপাশি নির্ধারিত সময়সীমা আর বাড়ানো উচিত নয়। অন্যথায় নিয়মিত ঋণ পরিশোধকারীদের মধ্যেও খেলাপি হওয়ার প্রবণতা তৈরি হতে পারে, যা ভবিষ্যতে ব্যাংক খাতের জন্য আরও বড় ঝুঁকি সৃষ্টি করবে।


More News Of This Category
bdit.com.bd