বিশ্ববাজারে স্বর্ণের দরপতনের প্রভাব দেশের বাজারেও পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ দফায় স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছে। নতুন সমন্বয়ের পর ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি এখন নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এই দাম শনিবার (৬ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং রোববার (৭ জুন) পর্যন্ত এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
এর আগে ২ জুন আরও এক দফায় স্বর্ণের দাম কমানো হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত ৭১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৭ বার বৃদ্ধি এবং ৩৪ বার হ্রাস করা হয়েছে।