ঈদুল আজহার ঠিক আগের দিন সুখবর পেলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর আইসিসি পুরুষ টেস্ট খেলোয়াড় র্যাংকিংয়ে একাধিক বাংলাদেশি ক্রিকেটারের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
পাকিস্তান সিরিজে দুই টেস্টে চার ইনিংসে ২৫৯ রান করে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৬তম স্থানে। একই সিরিজে ২৩৯ রান করা লিটন দাস ১৪ ধাপ এগিয়ে ২৪তম অবস্থানে জায়গা করে নিয়েছেন।
বোলিং র্যাংকিংয়েও বাংলাদেশের স্পিনারদের উন্নতি দেখা গেছে। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে টেস্ট বোলিং র্যাংকিংয়ে ১১তম স্থানে উঠে এসেছেন এবং নতুন ক্যারিয়ার-সেরা রেটিং অর্জন করেছেন।
অফস্পিনার মেহেদী হাসান মিরাজ দুই ধাপ এগিয়ে এখন ২৫তম স্থানে রয়েছেন। পেসার নাহিদ রানা ১০ ধাপ উন্নতি করে ৫৪তম স্থানে উঠেছেন।
অলরাউন্ডার র্যাংকিংয়েও তাইজুল ইসলামের অগ্রগতি হয়েছে, তিনি তিন ধাপ এগিয়ে এখন ২৯তম অবস্থানে আছেন।
এদিকে পাকিস্তান সিরিজে হার সত্ত্বেও তাদের পেসার খুররাম শাহজাদ আইসিসি টেস্ট বোলিং র্যাংকিংয়ে ৪৯তম স্থানে উঠে এসেছেন।