১০ বছরেই এসএসসি এবং ১২ বছরেই এইচএসসি সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৩ মে) সকালে ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজে অন গ্রিড সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষাখাতে কোনো ধরনের অবহেলা করা হচ্ছে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে শিগগিরই বৈঠকে বসা হবে। সেখানে কীভাবে পূর্ণ পাঠ্যসূচি সম্পন্ন করে সময় নষ্ট না করে শিক্ষার্থীদের এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হবে।
তিনি বলেন, একজন শিক্ষার্থী যেন ১০ বছরের শিক্ষাজীবন শেষ করে নির্ধারিত সময়েই এসএসসি পরীক্ষা দিতে পারে, সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। একইভাবে ১২ বছরেই এইচএসসি সম্পন্ন নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো ধরনের সেশনজট তৈরি না হয় এবং শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সরকার আন্তরিক বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের স্বার্থে যা প্রয়োজন সরকার তাই করবে। তবে পরীক্ষাও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। বর্তমানে পরীক্ষার পরিবেশ অনেক ভালো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সবাই এখন সুন্দর পরীক্ষা চায়। শিক্ষার্থীরা যা চাইবে, সরকারও সেটিই চায়। জোর করে কাউকে কিছু চাপিয়ে দেওয়া যায় না। শিক্ষা আনন্দময় হতে হবে এবং ব্যবহারিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষাকে আরও কার্যকর করে তুলতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি দেশের তরুণ জনগোষ্ঠী ও মানবসম্পদ। এই শক্তিকে দক্ষভাবে গড়ে তুলতে পারলে দেশের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে এবং আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা জরুরি। এ লক্ষ্য সামনে রেখে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।