বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর তার জীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন, যা তিনি কৈশোরেই মুখোমুখি হয়েছিলেন।
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, মাত্র ১৫ বছর বয়সে, যখন তিনি স্কুলে পড়তেন, তখন একটি অস্বস্তিকর ও ভয়ংকর ঘটনার সম্মুখীন হন। তিনি দেখতে পান, তার ছবি বিকৃতভাবে অনলাইনে ছড়িয়ে পড়েছে, যা তাকে মানসিকভাবে নাড়িয়ে দেয়।
অভিনেত্রীর ভাষায়, তিনি তখন নিশ্চিত ছিলেন না ছবিটি ডিপফেক ছিল কি না, তবে বুঝতে পেরেছিলেন এটি গুরুতর ও ক্ষতিকর কিছু। সেই সময় একজন কিশোরী হিসেবে পরিস্থিতি সামাল দেওয়া তার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
তিনি আরও বলেন, একদিন লক্ষ্য করেন, তার সহপাঠীরাই সেই বিকৃত ছবিগুলো নিয়ে হাসাহাসি করছে। বিষয়টি তাকে ভীষণভাবে আঘাত করে এবং তার আত্মবিশ্বাসে বড় প্রভাব ফেলে।
এই অভিজ্ঞতা তার জীবনে গভীর ছাপ ফেলে বলে জানান জাহ্নবী। তার মতে, ওই ঘটনার পর সোশ্যাল মিডিয়াকে অনেক সময় অভিশাপ মনে হয়েছে।
বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ছবি ও ভিডিও বিকৃত করার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। জাহ্নবী বলেন, প্রযুক্তির অপব্যবহার করে এমনসব ছবি তৈরি করা হয়, যা বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্কই রাখে না, কিন্তু তা মানুষের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে।