ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন স্কিম চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি অনুষ্ঠিত বোর্ডের চতুর্থ সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
বিসিবির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এই স্কিমের আওতায় বর্তমান ও সাবেক ক্রিকেটারদের পাশাপাশি ম্যাচ অফিসিয়ালদেরও অন্তর্ভুক্ত করা হবে। অবসর নেওয়ার পর অনেক খেলোয়াড় আর্থিক অনিশ্চয়তায় পড়েন—এই বাস্তবতা বিবেচনায় নিয়েই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তবে পেনশন স্কিম বাস্তবায়নের আগে একটি বিস্তারিত কাঠামো তৈরি করা হবে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা পুরো বিষয়টি নিয়ে সুপারিশ তৈরি করবে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখছেদুর রহমান বাবু জানান, বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ‘আমরা একটি কমিটি গঠন করেছি। তারা আগামী বোর্ড সভায় পূর্ণাঙ্গ প্রস্তাবনা উপস্থাপন করবে। কারা এই সুবিধা পাবেন এবং কীভাবে পেনশন প্রদান করা হবে—এসব বিষয় বিস্তারিতভাবে নির্ধারণ করা হবে।’
তিনি আরও বলেন, খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের অন্তর্ভুক্ত করে নীতিগতভাবে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।