সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ১-০ গোলে হেরে গেলেও মাঠে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ দল। হাভিয়ের কাবরেরার শিষ্যরা ভালো খেললেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে পারেনি। ফলে ছয় ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে শেষ হয়েছে দলের বাছাইপর্ব অভিযান।
এই ম্যাচে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রায় ছয় হাজার টিকিট বরাদ্দ ছিল। হারের হতাশা নিয়ে মাঠ ছাড়লেও সমর্থকদের কার্যক্রম নজর কেড়েছে সবার। গ্যালারিতে লাল-সবুজের পতাকা হাতে উপস্থিত হয়ে তারা জোরালো সমর্থন দিয়েছেন দলের জন্য।
শুধু সমর্থনেই সীমাবদ্ধ থাকেননি তারা। ম্যাচ শেষে গ্যালারিতে পড়ে থাকা বোতলসহ বিভিন্ন আবর্জনা পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের এই উদ্যোগ সিঙ্গাপুরের সংবাদমাধ্যমেও ব্যাপক প্রশংসা পেয়েছে।
সিঙ্গাপুরের একটি সংবাদমাধ্যম তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিওতে দেখিয়েছে, বাংলাদেশি সমর্থকেরা কীভাবে গ্যালারি পরিষ্কার করছেন। ভিডিওতে দেখা যায়, জার্সি পরিহিত দর্শকেরা আবর্জনা সংগ্রহ করে পলিথিনে রাখছেন।
মাঠে উপস্থিত সমর্থকদের ভূয়সী প্রশংসা করেছেন অভিজ্ঞ মিডফিল্ডার হামজা চৌধুরী। তিনি বলেন, সমর্থকদের উপস্থিতি তাকে অভিভূত করেছে এবং বিদেশের মাটিতেও নিজেদের ঘরের মতো অনুভূতি পেয়েছেন। তিনি সমর্থকদের বিশ্বের সেরা বলে উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।