দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি ও চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী Tarique Rahman।
শনিবার সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ হুইপ Nurul Islam।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। তবে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি এবং সীমান্ত দিয়ে তেল পাচারের চেষ্টা করছে। এ পরিস্থিতিতে চিরুনি অভিযানসহ কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
চিফ হুইপ আরও জানান, বর্তমানে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে প্রায় ২ লাখ মেট্রিক টন তেলবাহী জাহাজ বন্দরে পৌঁছেছে এবং আরও ২ লাখ মেট্রিক টন পথে রয়েছে।
প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তদারকি জোরদার করার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে কেউ যাতে অতিরিক্ত মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এবং বাজারে তেলের দাম অযৌক্তিকভাবে না বাড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে, সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর করতে মন্ত্রীদের নিয়মিতভাবে সংসদ সদস্যদের তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান চিফ হুইপ। প্রতি মাসে এ ধরনের ব্রিফিং চালু করা হবে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। পাশাপাশি সাম্প্রতিক সড়ক ও রেল দুর্ঘটনা নিয়েও আলোচনা হয় এবং ভবিষ্যতে দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে অবহিত করেছে।