বয়স কেবল একটি সংখ্যা—এই কথার বাস্তব প্রমাণ দিলেন সাবেক জাতীয় ক্রিকেটার মোহাম্মদ রফিক। কাগজে কলমে বয়স ৫৬ হলেও মাঠে তার পারফরম্যান্স ছিল একেবারেই তরুণদের মতো।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও মিরপুরের হোম অব ক্রিকেটে সাবেক ক্রিকেটারদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে খেলোয়াড়দের লাল ও সবুজ—দুই দলে ভাগ করা হয়।
লাল দলের হয়ে খেলতে নেমে রফিক ব্যাট হাতে দেখান দুর্দান্ত আগ্রাসন। মাত্র ২৪ বলে চারটি চার ও চারটি ছক্কার সাহায্যে অর্ধশতক পূর্ণ করেন তিনি। দীর্ঘ সময় পরেও তার ব্যাটিং দক্ষতা যে অটুট রয়েছে, সেটিই যেন প্রমাণ করলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
শুধু ব্যাটিং নয়, বল হাতেও সমান উজ্জ্বল ছিলেন রফিক। ৩ দশমিক ২ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট। তার এই অলরাউন্ড নৈপুণ্যের কারণে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতেই।
রফিকের দারুণ পারফরম্যান্সে লাল দল বড় ব্যবধানে জয় পায়। ৫ উইকেটে ২১৩ রান করা লাল দলের জবাবে সবুজ দল মাত্র ৯০ রানেই অলআউট হয়ে যায়। ফলে ১২৩ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে লাল দল।