২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে নতুন কূটনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। ইরান চায়, যুক্তরাষ্ট্রে নির্ধারিত তাদের বিশ্বকাপের ম্যাচগুলো সরিয়ে মেক্সিকোতে আয়োজন করা হোক। এ বিষয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান ফুটবল ফেডারেশন।
মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়, ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ ইতোমধ্যে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ করছেন। খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে ম্যাচগুলো অন্য ভেন্যুতে নেওয়ার দাবি জানানো হয়েছে।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হওয়ার কথা রয়েছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে এই আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান। নির্ধারিত সূচি অনুযায়ী তাদের দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে হওয়ার কথা ছিল।
তবে ইরানের ফুটবল ফেডারেশন জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে তারা আগ্রহী নয়। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না হলে সেখানে ম্যাচ খেলাটা ঝুঁকিপূর্ণ হতে পারে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। এর ধারাবাহিকতায় তেহরানে বিমান হামলার ঘটনাও ঘটে। ওই ঘটনার পর ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালি জানিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানি খেলোয়াড়দের জন্য টুর্নামেন্টে অংশ নেওয়া কঠিন হয়ে পড়তে পারে।
এ অবস্থায় ইরান এখন নিরাপদ ভেন্যুতে ম্যাচ আয়োজনের দাবি জানিয়ে বিষয়টি সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।