প্রায় দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলরক্ষক সার্জিও রোমেরো। ৩৯ বছর বয়সে গ্লাভস তুলে রেখে এবার কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।
সাংবাদিক ফেদে ক্রিস্তোফানেলির তথ্যমতে, রোমেরো ইতোমধ্যে নিজের কোচিং দল গঠন করেছেন এবং শিগগিরই পুরোপুরি কোচিং পেশায় যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
খেলোয়াড়ি জীবনের শেষ দিকে রেসিং ক্লাবে বিকল্প গোলরক্ষক হিসেবেও থাকতে আগ্রহী ছিলেন রোমেরো। তবে সেই সুযোগ আর হয়নি। আর্হেন্তিনোস জুনিয়র্সের হয়ে কোপা আর্জেন্টিনায় খেলাটিই ছিল তার পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচ।
আর্জেন্টিনার ইতিহাসে সর্বাধিক ৯৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা গোলরক্ষক হিসেবেই অবসর নিলেন তিনি।
রোমেরোর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত আসে ২০১৪ সালের বিশ্বকাপে। ব্রাজিলে অনুষ্ঠিত সেই আসরের সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি শুটআউটে দুটি শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি। সেই আসরে ২৪ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা।
আন্তর্জাতিক পর্যায়ে তার সাফল্যের সূচনা আরও আগে। ২০০৭ সালে কানাডায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে স্বর্ণপদক জয়ের অংশ ছিলেন তিনি।
ক্লাব ক্যারিয়ার শুরু হয় রেসিং ক্লাব দিয়ে। পরে ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেন রোমেরো। নেদারল্যান্ডসের এজেড আলকমার, ইতালির সাম্পদোরিয়া ও ফ্রান্সের মোনাকোতে খেলার পর যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ওল্ড ট্রাফোর্ডে তিনি ইউরোপের অন্যতম নির্ভরযোগ্য বিকল্প গোলরক্ষক হিসেবে পরিচিতি পান। ২০১৭ সালে উয়েফা ইউরোপা লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
পরবর্তীতে ভেনেজিয়ায় খেলার পর আবার দেশে ফিরে আসেন এই অভিজ্ঞ গোলরক্ষক।