• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
রামিসা হত্যার ঘটনায় নতুন মোড়, বিস্ফোরক তথ্য প্রকাশ পুলিশের ভিসা জালিয়াতি রোধে কঠোর চীনা দূতাবাস, নতুন নিয়ম ৫ জুলাই থেকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আওয়ামী লীগ ফের প্রাসঙ্গিক হচ্ছে: মাহফুজ আলম বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে তীব্র বিরোধিতা লেখালেখিতে এআই ব্যবহার স্বীকার করলেন নোবেলজয়ী লেখক ওলগা তোকরচুক পাকিস্তানকে হোয়াইটওয়াশে টাইগারদের অভিনন্দন জানালেন ডা. শফিকুর রহমান হাসপাতালে ভর্তি নন অমিতাভ, গুজব উড়িয়ে নিজেই দিলেন বার্তা ১ জুলাই থেকে নতুন পে স্কেল, বাড়ছে বেতন-ভাতা পাচ্ছেন লাখো সরকারি চাকরিজীবী শিক্ষা কারিকুলামে বড় পরিবর্তনের ঘোষণা, বইয়ের বাইরে নেতৃত্ব ও নৈতিকতায় জোর আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রধান বিচারপতির কাছে ফের আবেদন

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার, স্পিকার পদে মঈন খানের নাম আলোচনায়

মোঃ সাইফুল ইসলাম / ৭৭ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ের বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন আহ্বান করেছেন। বেলা ১১টায় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভের পর গত ১৭ ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। সংবিধান অনুযায়ী নির্বাচনের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা বাধ্যতামূলক। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

তবে আগের সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় প্রথম অধিবেশন কীভাবে শুরু হবে, তা নিয়ে আলোচনা চলছে। সংসদ বিষয়ক গবেষক অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদের মতে, এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তির মাধ্যমে অধিবেশন শুরু করা যেতে পারে।

সংখ্যাগরিষ্ঠতার কারণে সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াতে ইসলামীকে এই পদ দেওয়ার কথা বলা হলেও তারা এখনো কোনো নাম প্রস্তাব করেনি বলে জানিয়েছেন সরকারি দলের হুইপ নূরুল ইসলাম মনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন। পাশাপাশি উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আরও কয়েকজনকে। দলের কিছু জ্যেষ্ঠ নেতা মন্ত্রিসভায় না থাকায় তাদের মধ্যে থেকেই স্পিকার বা ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

স্পিকার পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নাম। নরসিংদী-২ আসন থেকে পাঁচবার নির্বাচিত এই সংসদ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিক হিসেবে পরিচিত।

এ ছাড়া স্পিকার পদে আলোচনায় রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বরিশাল-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সাংবিধানিক বিষয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

অন্যদিকে সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুকের নামও স্পিকার পদে আলোচনায় রয়েছে। আন্তর্জাতিক আর্থিক সংস্থার সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা তাকে এই পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এনেছে।

ডেপুটি স্পিকার পদে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের নাম আলোচনায় রয়েছে। তবে শেষ পর্যন্ত কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। শোক প্রস্তাব গ্রহণের পর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হবে এবং সেই প্রস্তাবের ওপর অধিবেশনজুড়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশও সংসদের প্রথম বৈঠকে উত্থাপন করা হবে। সংসদ যদি নির্ধারিত সময়ের মধ্যে এসব অধ্যাদেশ অনুমোদন না করে, তাহলে সেগুলোর কার্যকারিতা বাতিল হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd