ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি নতুন সরকার গঠনের পথে এগোচ্ছে। আগামী মঙ্গলবারের মধ্যেই নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন।
ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দাবি করা হয়, টেকনোক্র্যাট কোটায় তিনি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব বা ক্রীড়া প্রতিমন্ত্রীর পদ পেতে যাচ্ছেন। তবে এসব গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন তামিম নিজেই।
শনিবার মধ্যরাতে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তামিম বলেন, “আজ (১৪ ফেব্রুয়ারি) সারাদিন আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি, যা পুরোপুরি মিথ্যা।”
তিনি আরও জানান, সরকার গঠন করতে যাওয়া বিএনপি থেকে তাকে এ ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়নি। তাই ভিত্তিহীন এসব খবর প্রচার না করার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, ৩৬ বছর বয়সে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেন তামিম। গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম–৯ আসনে ভোট দিয়ে তিনি বলেছিলেন, “জীবনের প্রথম ভোট দিলাম।”