ঢাকাই সিনেমার আলোচিত তারকা শাকিব খান ও **শবনম বুবলী**কে ঘিরে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। তাদের একটি সন্তানও রয়েছে। নানা সময় বিচ্ছেদ বা নতুন করে বিয়ের গুঞ্জন উঠলেও এবার একটি পডকাস্টে নিজের অবস্থান পরিষ্কার করলেন বুবলী।
পডকাস্টে সঞ্চালকের প্রশ্ন ছিল—তিনি কবে আবার বিয়ে করছেন? জবাবে বুবলী স্পষ্টভাবে জানান, তার ও শাকিব খানের আনুষ্ঠানিক কোনো ডিভোর্স হয়নি। ফলে নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না।
তিনি বলেন, “শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।”
শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবর প্রসঙ্গে বুবলী বলেন, এটি একান্তই ব্যক্তিগত বিষয়। তবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, বৈবাহিক অবস্থান বলতে বিবাহিত, ডিভোর্সড, সেপারেটেড বা বিধবা—এই পরিচয়গুলোই থাকে; ‘অতীত’ বলে কোনো অপশন নেই।
তার বক্তব্যে স্পষ্ট, সম্পর্কের টানাপোড়েন থাকলেও আইনি বিচ্ছেদ হয়নি—এই বিষয়টিই তিনি জোর দিয়ে তুলে ধরতে চেয়েছেন। বর্তমান সম্পর্ক নিয়ে বুবলী আরও বলেন, ভুল বোঝাবুঝি বা অভিমান হতেই পারে, কিন্তু সময়ের সঙ্গে অনেক কিছুই ঠিক হয়ে যায়।
ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত ওই পডকাস্টে তিনি দাম্পত্য জীবনের পাশাপাশি নিজের প্রথম প্রেম ও শোবিজ অঙ্গনের নানা গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেন। সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে পরিষ্কার অবস্থান জানিয়ে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী।