ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় খল–অভিনেত্রী রিনা খান এবার রাজনীতির ময়দানে আরও বড় ভূমিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–ঘনিষ্ঠ এই শোবিজ তারকা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান এলাকায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে নির্বাচনি প্রচারণায় অংশ নেন রিনা খান। প্রচারণাকালে গুলশান-১ পুলিশ প্লাজার আশপাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজের রাজনৈতিক আগ্রহের কথা তুলে ধরেন।
রিনা খান বলেন, ‘তারেক রহমানের নেতৃত্ব ও ধানের শীষকে শক্তিশালী করতেই আমি মাঠে নেমেছি। সাধারণ মানুষের কাছে ভোট চাইছি।’ তিনি জানান, সাংস্কৃতিক অঙ্গনে বিএনপিপন্থী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সিনিয়র সহসভাপতি হিসেবে দীর্ঘদিন ধরেই তিনি দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত।
সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার প্রসঙ্গে রিনা খান বলেন, ‘আমি সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হতে চাই। আশা করছি, দল আমাকে একটি আসন দেবে।’
তিনি আরও দাবি করেন, গত ১৭ বছরে দেশের অনেক শিল্পী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং যারা দেশে থেকেছেন, তারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। ‘আমি নিজেও দেশে থেকে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি,’ বলেন এই অভিনেত্রী।