জাপানের আগাম সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে এবং চলছে ফল গণনা। এরই মধ্যে বুথফেরত জরিপে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির রক্ষণশীল জোটের বড় জয় নিশ্চিত হওয়ার আভাস মিলেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, তাকাইচির লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও তাদের জোটসঙ্গী জাপান ইনোভেশন পার্টি পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫ আসনের মধ্যে প্রায় ৩৬৬টি আসন পেতে পারে।
ভোটগ্রহণ শেষের প্রায় ৯০ মিনিটের মধ্যেই এলডিপি এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৩৩ আসনের সীমা অতিক্রম করে। জরিপ অনুযায়ী দলটি একাই প্রায় ৩২৮টি আসন জিততে পারে, যা দলটির ইতিহাসে অন্যতম সেরা ফল হতে যাচ্ছে।
এলডিপির নেতৃত্বে গত বছরের অক্টোবরে ৬৪ বছর বয়সী সানায়ে তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। নির্বাচনের আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, দল সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে তিনি পদত্যাগ করবেন। তবে বুথফেরত জরিপ বলছে, তার নেতৃত্বে দলটি শক্ত অবস্থানে ফিরছে।
প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি, অভিবাসন আইন কঠোর করা এবং একাধিক উচ্চাভিলাষী সংস্কার বাস্তবায়নের জন্য নতুন করে জনসমর্থন পেতেই তাকাইচি আগাম নির্বাচনের ডাক দেন। সাম্প্রতিক সময়ে দুর্নীতি কেলেঙ্কারি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে এলডিপি তাদের পুরোনো জোটসঙ্গীদের সমর্থন ও সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল। তবে এই আগাম ভোটে তাকাইচির নেতৃত্বে দলটি আবারও দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াতে যাচ্ছে বলে জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে।