শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড, চব্বিশের গণঅভ্যুত্থানে জড়িত ব্যক্তিদের বিষয়ে অভিযোগ, ভারতের ভূমিকা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সার্বভৌমত্বের প্রশ্ন তুলে ‘র্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচির ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, বিপ্লবী সংগঠন এবং সামাজিক আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেবেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, সমাবেশে ভারতের ভূমিকা ও আঞ্চলিক প্রভাব নিয়ে তাদের অবস্থান তুলে ধরা হবে।
সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহীদ ওসমান হাদি চত্বর পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করার পরিকল্পনা রয়েছে। আয়োজকেরা বলছেন, এই মিছিলের মাধ্যমে তারা ভারতের আগ্রাসন ও দেশীয় রাজনীতিতে বিদেশি প্রভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চান।
জুলাই ঐক্যের দাবি, চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে তারা এই কর্মসূচির আয়োজন করছে এবং এতে বিভিন্ন ধারার সংগঠনের অংশগ্রহণ থাকবে।