জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাফা কবির জানিয়েছেন, বয়স বা সামাজিক চাপের কারণে নয়, বরং জীবনে আস্থার একজন মানুষ এলেই তিনি বিয়ের সিদ্ধান্ত নিতে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।
সাফা কবির মিডিয়ায় যাত্রা শুরু করেন নির্মাতা আশফাক বিপুলের এয়ারটেল বিজ্ঞাপনের মাধ্যমে। এরপর প্রাণ পিনাট বার ও প্যারাসুট নারিকেল তেলের বিজ্ঞাপনেও কাজ করেন তিনি। ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের ওপর’ টেলিফিল্মে অভিনয়ের মধ্য দিয়ে অভিনেত্রী হিসেবে তার পথচলা শুরু হয়। এক যুগের বেশি সময় ধরে নিয়মিত অভিনয়ের সঙ্গে যুক্ত থেকে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তিনি।
সম্প্রতি কক্সবাজারে ‘মৎস্যকন্যা’ নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন সাফা কবির। ফিরেই শুরু হয়েছে নতুন কাজের ব্যস্ততা। পাশাপাশি ঈদ উপলক্ষে বেশ কিছু নতুন প্রজেক্ট নিয়েও প্রস্তুতি নিচ্ছেন তিনি।
সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্নের জবাবে সাফা কবির বলেন, তিনি শুধু বয়স হয়ে গেছে বা সবাই বিয়ে করেছে—এই কারণে বিয়ে করতে চান না। তার মতে, হুটহাট সিদ্ধান্ত নিয়ে পরে অনিশ্চয়তায় পড়ার চেয়ে বিশ্বাস আর বোঝাপড়ার ভিত্তিতে বিয়ে করাই বেশি গুরুত্বপূর্ণ।
অভিনেত্রী আরও জানান, তার পরিবার থেকেও বিয়ের জন্য কোনো চাপ নেই। বাবা-মা সব সময় তাকে নিজের মতো করে জীবন ও ক্যারিয়ার বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। শুরুতে অভিনয়ে আসায় নানা কথা শুনতে হলেও বাবা-মায়ের সমর্থনই তাকে সাহস জুগিয়েছে।
ভবিষ্যৎ জীবনসঙ্গী সম্পর্কে সাফা কবির বলেন, তিনি এমন একজন মানুষ চান যিনি সৎ, যত্নশীল, বোঝাপড়াসম্পন্ন ও সহযোগিতাপরায়ণ হবেন—চেহারা নয়, চরিত্রই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপাতত কাজ নিয়েই তিনি বেশি ব্যস্ত, তবে বিশ্বাস করেন, সঠিক সময়ে আল্লাহ তাকে একজন ভালো মানুষ উপহার দেবেন।