জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা দিতে গিয়ে ঘুস গ্রহণ এবং সেই তথ্য চাপা দিতে সাংবাদিককে অর্থ দেওয়ার চেষ্টার অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব শুধাংশু কুমার সাহাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা গত ৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে শুধাংশু কুমার সাহা এক সেবাগ্রহীতার এনআইডি সংশোধনের জন্য অবৈধভাবে ৩০০ টাকা গ্রহণ করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা ঘুস গ্রহণের দৃশ্য ভিডিও ধারণ করেন। ভিডিওটি প্রচার না করার জন্য তিনি সংশ্লিষ্ট সাংবাদিককে ২৯ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে দায়িত্ব পালন করেন আইডিইএ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. ফরিদুল ইসলাম। তদন্ত শেষে অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে কঠোর শাস্তির সুপারিশ করা হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তা নিজের পক্ষে ব্যাখ্যা দিলেও তা সন্তোষজনক ছিল না। পরবর্তীতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত এবং রাষ্ট্রপতির অনুমোদনের ভিত্তিতে তাকে সরকারি চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচন কমিশন কর্মকর্তারা জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কমিশনের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বরখাস্তের আগে তিনি রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত ছিলেন।