বলিউড অভিনেত্রী রিমি সেন অভিনয়জগত থেকে অনেক আগেই সরে দাঁড়িয়েছেন। এক সময় একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করা এই তারকা এখন নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেছেন দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে। সর্বশেষ ২০১১ সালে ‘শাগির্দ’ সিনেমায় অভিনয়ে দেখা গিয়েছিল তাকে।
দুবাইয়ে নতুন পেশাগত জীবনে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে রিমি সেন বলেন, দুবাই একটি অত্যন্ত অতিথিপরায়ণ শহর। এখানে জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশই বিদেশি হলেও সবাই এটিকে নিজের ঘর বলে মনে করেন। শহরটির নীতি ও ব্যবস্থাপনা এমনভাবে সাজানো, যাতে বাসিন্দাদের জীবন হয় সহজ ও আরামদায়ক।
দুবাইয়ের রিয়েল এস্টেট বাজারের পেশাদারিত্ব নিয়েও সন্তোষ প্রকাশ করেন ‘ধুম’খ্যাত এই অভিনেত্রী। তিনি বলেন, এখানে কাজের একটি সুনির্দিষ্ট কাঠামো রয়েছে। নির্মাতা, এজেন্সি ও এজেন্ট—প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব স্পষ্টভাবে পালন করেন। এজেন্টদের এখানে আর্থিক পরামর্শদাতার মতো সম্মান দেওয়া হয়, যা ভারতের সঙ্গে তুলনা করলে একেবারেই ভিন্ন অভিজ্ঞতা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে সাম্প্রতিক প্লাস্টিক সার্জারি সংক্রান্ত গুঞ্জন নিয়েও মুখ খুলেছেন রিমি সেন। তিনি স্পষ্ট করে বলেন, তিনি কেবল ফিলার, বোটক্স ও পিআরপি ট্রিটমেন্ট নিয়েছেন। তার ভাষায়, নিয়মিত যত্ন ও কিছু চিকিৎসার মাধ্যমেই নিজেকে ভালো দেখানো সম্ভব।
সমালোচকদের উদ্দেশে রিমি বলেন, যদি কেউ মনে করেন তিনি ভুল কিছু করেছেন, তাহলে সেটি নির্দিষ্ট করে বললে তিনি তার চিকিৎসকদের জানিয়ে সংশোধনের চেষ্টা করবেন।