ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবার ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের সামনে হাজির হচ্ছেন একেবারে ভিন্ন এক রূপে। এই প্রথমবার তিনি অভিনয় করতে যাচ্ছেন ‘ঠাকুমা’ চরিত্রে। তবে এটি কোনো রূপকথা বা শিশুতোষ গল্প নয়, বরং ভিন্ন আঙ্গিকের একটি ওয়েব সিরিজ।
নতুন এই ওয়েব সিরিজটির নাম ঠাকুমার ঝুলি। এখানে শ্রাবন্তীর নাতনির চরিত্রে অভিনয় করবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দিব্যাণী মন্ডল।
সম্প্রতি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই নতুন বছরের আসন্ন ওয়েব সিরিজগুলোর তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় অন্যতম আকর্ষণ হিসেবে জায়গা করে নিয়েছে ‘ঠাকুমার ঝুলি’। সিরিজটির গল্প আবর্তিত হবে এক ঠাকুমা ও তার নাতনির আবেগঘন ও গভীর সম্পর্ককে কেন্দ্র করে।
এর আগে শ্রাবন্তীকে বিভিন্ন সময় মা কিংবা স্ত্রীর চরিত্রে দেখা গেলেও, ঠাকুমার ভূমিকায় এটি তার প্রথম কাজ। ফলে প্রিয় অভিনেত্রীর এই চরিত্র পরিবর্তন ও নতুন লুক ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
ব্যক্তিগত জীবন নিয়ে মাঝেমধ্যে আলোচনা থাকলেও বর্তমানে শ্রাবন্তী পুরোপুরি মনোযোগী নিজের অভিনয় ক্যারিয়ারে। সম্প্রতি পরিবার ও বন্ধুদের সঙ্গে গোয়া ভ্রমণ শেষে তিনি কলকাতায় ফিরেছেন। জানা গেছে, চলতি মাসের মধ্যেই ‘ঠাকুমার ঝুলি’ সিরিজের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগের বছর শ্রাবন্তীর অভিনীত ‘দেবী চৌধুরানি’ দর্শকমহলে ভালো সাড়া ফেলেছিল। এবার তার বয়স্ক চরিত্র ও নতুন অভিনয়ধারা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
অন্যদিকে, ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি-এর মাধ্যমে পরিচিতি পাওয়া দিব্যাণী মন্ডল এই সিরিজের আরেকটি বড় চমক। শ্রাবন্তীর মতো অভিজ্ঞ অভিনেত্রীর সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।