সম্প্রতি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে এনেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। গত বছরের ৪ জানুয়ারি চার মাসের পরিচয়ের পর পারিবারিকভাবে রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই সেই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান তাহসান। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি রোজা আহমেদ।
তারকা দম্পতির বিচ্ছেদ নিয়ে নেটদুনিয়ায় চলছে নানা আলোচনা ও জল্পনা। এর মধ্যেই বিষয়টি নিয়ে নিজের অভিমত প্রকাশ করেছেন নিউইয়র্ক থেকে পরিচালিত ‘ঠিকানা’ টিভির জ্যেষ্ঠ সাংবাদিক ছন্দা বিনতে সুলতান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাহসানকে ঘিরে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
পোস্টে ছন্দা লেখেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী বাসযাত্রায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তাহসান নিজে তার হাতের হ্যান্ড ক্যারিয়ার তুলে দিয়েছিলেন। একজন বড় মাপের শিল্পীর এমন বিনয় তাকে মুগ্ধ করেছিল। নিউইয়র্কে তাহসানের কনসার্ট কাভার করার সময়ও তাকে অত্যন্ত বিনয়ী ও আন্তরিক মানুষ হিসেবে পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও লেখেন, মানুষ অনেক সময় ভুল মানুষকেও ভালোবাসে কিংবা এক ছাদের নিচে থেকেও সবকিছু খুঁজে পায় না। তার মতে, তাহসান, মিথিলা ও রোজা—তিনজনই ভালো মানুষ হতে পারেন, শুধু সংসার টেকেনি বলেই কাউকে খারাপ হিসেবে চিহ্নিত করা ঠিক নয়।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিয়ের পর তাহসান চেয়েছিলেন ব্যক্তিগত ও নিরিবিলি জীবনযাপন এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কিছুটা দূরে থাকা। অন্যদিকে রোজা নতুন পরিচিতি ও সামাজিক পরিসর উপভোগ করছিলেন। ভিন্ন জীবনদর্শনের কারণে ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। শুরুতে সেই দূরত্ব কমানোর চেষ্টা করা হলেও মতের অমিল প্রকট হওয়ায় পারস্পরিক সম্মানের ভিত্তিতেই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন তারা।
সূত্র জানায়, গত বছরের শেষ দিকে তাহসান নিজেই ডিভোর্সের জন্য আবেদন করেন। সেই বিচ্ছেদের আবেদন চলতি বছরের ফেব্রুয়ারিতে কার্যকর হওয়ার কথা রয়েছে।