ঢালিউডের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত অভিনয়ের চেয়ে বেশি আলোচনায় থাকেন তার ব্যক্তিগত জীবন ও খোলামেলা মন্তব্যের কারণে। পর্দায় উপস্থিতি তুলনামূলক কম হলেও সামাজিক মাধ্যমে তার প্রতিটি বক্তব্য ঘিরেই তৈরি হয় আলোচনা। এবারও এক ফেসবুক পোস্টে নতুন করে নজর কেড়েছেন তিনি।
সাম্প্রতিক এক পোস্টে মিষ্টি জান্নাত লেখেন, বর্তমান সমাজে ভদ্র আচরণের কোনো কদর নেই। ভদ্র ব্যবহারের কোনো মূল্য না থাকায় তিনি আবার আগের মতো সোজাসাপ্টা রূপে ফিরে এসেছেন বলেও ইঙ্গিত দেন। তার এই মন্তব্য ঘিরে মুহূর্তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা।
এর আগে আরেক পোস্টে নিজের ক্যারিয়ার ও পেশাদার অবস্থান স্পষ্ট করেছিলেন এই অভিনেত্রী। সেখানে তিনি বলেন, সিনেমায় ছোট বা অসম্মানজনক কোনো চরিত্রে কাজ করার চেয়ে সম্মান বজায় রেখে প্রস্তাব ফিরিয়ে দেওয়াই বেশি সাহসিকতার। কাজ কম হলেও আত্মসম্মানের সঙ্গে আপস করতে নারাজ বলেও জানান তিনি।
হঠাৎ এমন মনোভাব পরিবর্তনের কারণ কী—তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হলেও সামাজিক মাধ্যমে বড় একটি অংশ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘একদম ঠিক কথা বলেছেন, এটাই সঠিক সিদ্ধান্ত।’
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। অভিনয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার দন্তচিকিৎসক হিসেবেও কাজ করছেন। নানা সময়ে তার মন্তব্য বিনোদন অঙ্গনে বিতর্ক সৃষ্টি করলেও এবারের ‘ভদ্রতার মূল্য নেই’ মন্তব্যটি ঠিক কী ইঙ্গিত দিচ্ছে, তা নিয়েই এখন চলছে জল্পনা-কল্পনা।