ঢালিউড সুপারস্টার শাকিব খান মানেই নতুন কিছু। দুই দশকের বেশি সময় ধরে সিনেমায় একচ্ছত্র দাপট ধরে রেখে একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন তিনি। সময়ের সঙ্গে নিজেকে বদলে ভিন্ন লুক ও অভিনয়ের নতুনত্ব নিয়ে বারবার দর্শকদের চমকে দিচ্ছেন কিং খান। ক্যারিয়ারের এতটা পথ পাড়ি দিয়েও কীভাবে তিনি নিজেকে নতুন করে উপস্থাপন করেন—এ নিয়েই ভক্তদের কৌতূহল শেষ নেই।
সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি নতুন ছবি শেয়ার করেন শাকিব খান। ছবি প্রকাশের পরই ভক্তদের মন্তব্যে ভরে ওঠে পোস্টটি। কমেন্ট বক্সে এক ভক্ত প্রশ্ন রাখেন—কীভাবে একজন মানুষ এত দ্রুত ও বারবার নিজেকে বদলে ফেলতে পারেন?
ভক্তের সেই প্রশ্নের জবাব এড়িয়ে যাননি কিং খান। মন্তব্যের ঘরেই নিজের জীবনের দর্শন তুলে ধরেন তিনি। শাকিব খান লেখেন, সময়, অভিজ্ঞতা আর শেখার আগ্রহ থাকলে যে কেউ নিজেকে পরিবর্তন করতে পারে। যারা এগিয়ে যেতে চায় না, তারাই আসলে পিছিয়ে পড়ে।
তিনি আরও বলেন, তিনি থেমে থাকতে পছন্দ করেন না। প্রতিনিয়ত চেষ্টা করেন নিজেকে বদলাতে এবং বিশ্বাস করেন—প্রতিটি দিন নিজেকে আরও ভালো করে গড়ে তোলার নতুন সুযোগ নিয়ে আসে।
শাকিব খানের এই মন্তব্য নেটিজেনদের মন ছুঁয়ে গেছে। অনেকেই তার মানসিকতাকে প্রশংসা করে বলেন, নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই প্রবণতাই তাকে সাফল্যের শীর্ষে ধরে রেখেছে।
এদিকে জানা গেছে, বর্তমানে একাধিক নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। আসন্ন এসব সিনেমায় আবারও ভিন্ন রূপে তাকে দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্ত ও সিনেমাপ্রেমী দর্শকরা।