বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর লিটার প্রতি ৬ টাকা বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। নতুন মূল্য অনুযায়ী এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়।
রোববার (৭ ডিসেম্বর) বৈঠকের পর এই নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। দাম সমন্বয় সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম এখন ১৯৫ টাকা, যা আগে ছিল ১৮৯ টাকা। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পাম তেলের দাম লিটার প্রতি ১৬৬ টাকা এবং পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম রাখা হয়েছে ৯৫৫ টাকা।
এর আগে ১০ নভেম্বর অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ে লিটার প্রতি ৯ টাকা মূল্য বৃদ্ধি অনুমতির জন্য চিঠি পাঠায়। ২৪ নভেম্বর তারা আবারও দাম সমন্বয়ের সুপারিশ করেছিল। তবে মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি। এর ফলে ব্যবসায়ী সংস্থা অনুমতি ছাড়াই লিটার প্রতি ৯ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকায় বাজারজাত করে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “সরকারকে না জানিয়ে আমদানিকারক ও বাজারজাতকারী কোম্পানিগুলো ভোজ্যতেলের দাম বাড়িয়েছে। পরে তাদের শোকজ করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর লিটার প্রতি ৬ টাকা বাড়ানো হয়েছে।”