তিন ম্যাচের ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সিরিজের গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক খেলেছেন দারুণ এক সেঞ্চুরি। মাত্র ৮০ বলে ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। তবে সেঞ্চুরির পর ইনিংস লম্বা করতে পারেননি; প্রসিদ্ধ কৃষ্ণার বলে ৮৯ বলে ১০৬ রানে আউট হন ডি কক। তার আউটের সঙ্গে সঙ্গে ৩২.৫ ওভারে দলীয় ১৯৯ রানে দক্ষিণ আফ্রিকার পঞ্চম উইকেট পড়ে।
এর আগে বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ইনিংসের প্রথম ওভারেই ফিরে যান রায়ান রিকেলটন। এরপর অধিনায়ক টেম্বা বাভুমাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ১৩১ বলে ১১৩ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে দারুণ অবস্থানে নিয়ে যান ডি কক।
কিন্তু ৮৫ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকা হারায় টানা চার উইকেট। ২১তম ওভারের শেষ বলে দলীয় ১১৪ রানে ৬৭ বলে ৫ বাউন্ডারিতে ৪৮ রান করে ফেরেন বাভুমা। পরে ২৩ বলে ২৪ রান করে আউট হন ম্যাথু ব্রিটজেক এবং মাত্র ৩ বলে ১ রান করে ফেরেন এইডেন মার্করাম। পুরো ইনিংস জুড়ে দায়িত্বশীল ব্যাটিং করা ডি কক ফেরেন দলীয় ১৯৯ রানে, যা দলের জন্য বড় ধাক্কা ছিল।
সিরিজের প্রথম ওয়ানডেতে রাঁচিতে ৩৪৯ রান করেও ১৭ রানে জয় পায় ভারত। তবে দ্বিতীয় ম্যাচে রায়পুরে ৩৫৮ রান করেও হারতে হয় রোহিত শর্মাদের। সেই ম্যাচে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা।
আজকের তৃতীয় ও শেষ ওয়ানডেই সিরিজ নির্ধারণ করবে। যারাই জিতবে, তারাই হাতে তুলবে সিরিজের ট্রফি। তবে ইতোমধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে গেছে ভারত। আজ ওয়ানডেতে হারলে নব্বই দশকের পর প্রথমবার ঘরের মাঠে ওয়ানডে ও টেস্ট—দুই সিরিজই হাতছাড়া করার হতাশা বয়ে আনবে স্বাগতিকদের জন্য।