দেশের রাষ্ট্রায়ত্ত চিনিকলে জমে থাকা চিনি বিক্রি শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে চিনি আমদানি স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি জানান, টিসিবির মাধ্যমে স্থানীয় চিনিকলে উৎপাদিত চিনি বাজারজাতকরণ ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন এবং দুপুর ১২টার দিকে নাটোর চিনিকলে সরেজমিন অবস্থান শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, চিনিকল থেকে দ্রুত লাভ পাওয়া যায় না। ব্রিটিশ আমলে স্থাপিত এসব পুরোনো চিনিকল আজও দেশের মোট চাহিদার একটি অংশ পূরণ করে আসছে। তাই চিনিকলের সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, কেবল সরকারি ভর্তুকির ওপর নির্ভর করে চিনিকল চালানো সম্ভব নয়। এ কারণে স্থানীয় এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং শিগগিরই ইতিবাচক অগ্রগতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। চিনি উৎপাদনের পাশাপাশি আনুষঙ্গিক উৎপাদনমুখী নতুন কার্যক্রম শুরুর পরিকল্পনাও রয়েছে।
দেশীয় বিনিয়োগকারীদের প্রতি আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, স্থানীয় উদ্যোক্তারা যেন চিনিশিল্পে অংশীদার হিসেবে এগিয়ে আসেন—এ জন্য আলাপ-আলোচনা চলছে।
উত্তরা গণভবন পরিদর্শন প্রসঙ্গে উপদেষ্টা জানান, দীর্ঘদিন অবহেলিত থাকার পর গণভবনটি সংস্কার করে ব্যবহারোপযোগী করা হয়েছে। রেওয়াজ অনুযায়ী প্রতিটি সরকারের সময়ে অন্তত একবার এখানে মন্ত্রিসভার বৈঠক হয়। বর্তমান সরকারের সময়ও এমন বৈঠক হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন, নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।